November 5, 2026, 12:19 am

আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান পদে ব্যারিষ্টার আজিজুল হক

ইসমাত মোল্লা। বিশেষ প্রতিনিধি।

দেশের তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন একজন ব্যারিস্টার। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে শুরু হয়েছে নতুন আলোচনা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যারিস্টার আজিজুল হক মীর। ব্যারিষ্টার আজিজুল হক মীর আলহাজ্ব সাফাজ উদ্দিন মীরের কণিষ্ট পুত্র।

জনসেবায় নিজেকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা এবং তার বাবার রেখে যাওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন। এরই অংশ হিসেবে ইতমধ্যে উক্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ব্যারিস্টার আজিজুল হক মীরের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দোয়া ও সমর্থন কামনা করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। গণসংযোগকালে এলাকার বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের জন্য দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি চেয়ারম্যান নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। স্থানীয়দের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একজন উচ্চশিক্ষিত ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির অংশগ্রহণ তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ করতে পারে।

এলাকাবাসী বলেন, তাদের জানা মতে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম কোনো ব্যারিস্টার পদধারী ব্যক্তি অংশ নিতে যাচ্ছেন। একজন উচ্চশিক্ষিত ও আইনজ্ঞ ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তারা।



ফেসবুক পেজ